ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১২:০০ পিএম
ছবি- সংগৃহীত
ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। বাঘেরি ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের একজন সাবেক শীর্ষ কমান্ডার ছিলেন। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।
তবে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে হামলার নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
শুক্রবার ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এসব হামলায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানী নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান হোসেইন সালামিও। ইসরায়েলের আচমকা হামলায় ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেয়দুন আব্বাসিও নিহত হয়েছেন।
তেহরানের সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, শুধু আব্বাসি নন, মোহাম্মদ মেহেদি তেহরানচি নামের একজন পারমাণবিক বিজ্ঞানী এ হামলায় নিহত হয়েছেন।
ইসরায়েল জানিয়েছে,তেহরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে দেশটির পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে।
আরএস/



