ভারতে করোনায় ছয়জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল সাত হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৪:৩০ পিএম
ছবি : সংগৃহীত
ভারতে করোনা সংক্রমণের সংখ্যা ফের বাড়ছে, সক্রিয় আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০৬ জন সংক্রমিত হয়েছেন, আর প্রাণ হারিয়েছেন ছয়জন।
বুধবার (১১ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কেরালায় তিনজন, কর্ণাটকে দুইজন এবং মহারাষ্ট্রে একজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৪৩ বছর বয়সী একজন রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় গুরুতর অবস্থায় ছিলেন, আর বাকি পাঁচজন আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।
সাম্প্রতিক সময়ে ভারতে এলএফ.৭, এক্সএফজি, জেন.১ ধরনে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। পাশাপাশি নতুন করে এনবি.১.৮.১ নামে একটি উপধরন শনাক্ত হয়েছে।
তবে করোনা সংক্রমণ বাড়লেও গণহারে বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিয়েছেন, শুধুমাত্র বৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য বুস্টার ডোজ নিশ্চিত করা উচিত।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মাস্ক পরা, হাত পরিষ্কার রাখা এবং জনসমাগম এড়িয়ে চলার মতো পূর্বসতর্কতামূলক ব্যবস্থা অনুসরণ করার তাগিদ দিয়েছেন।
ভারতের কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে। পাশাপাশি করোনা ও সাধারণ জ্বরের পার্থক্য বুঝে উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। শুধুমাত্র জ্বর, হাঁচি বা কাশির ভিত্তিতে করোনা হয়েছে এমন ধারণা করা যাবে না বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।



