হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ এএম
বিশ্ব জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি এখন পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন ইরানের এক জ্যেষ্ঠ সংসদ সদস্য। একইসঙ্গে এই জলপথে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তেহরানের ওপর কোনো ধরনের হামলায় সহায়তা না করতে প্রতিবেশী দেশ ও ইউরোপীয় রাষ্ট্রগুলোকেও কড়া বার্তা দিয়েছেন ওই আইনপ্রণেতা।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ইসমাইল কোসারি এসব কথা বলেন।
কোসারি জানান, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা তেহরান ১৯৮৭ সাল থেকেই শুরু করেছিল। বর্তমানে এই জলপথে শত্রুপক্ষের কোনো ধরনের চলাচল বা অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না।
যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির প্রসঙ্গ টেনে ইরানের এই সংসদ সদস্য বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর কৌশল ও সক্ষমতার মাধ্যমেই মার্কিন নৌ-অবরোধ ভেঙে ফেলা হবে। শত্রুর যে কোনো পদক্ষেপের জবাব কখন এবং কীভাবে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর হাতেই রয়েছে।’
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার ভয়েই মার্কিন যুদ্ধজাহাজগুলো এই অঞ্চল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
সাক্ষাৎকারে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তা উচ্চারণ করে কোসারি বলেন, হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হলে তার চড়া অর্থনৈতিক মূল্য ওই দেশগুলোকেই দিতে হবে। এ ছাড়া নিজেদের ভূখণ্ড ব্যবহার করে বিদেশি সামরিক বাহিনীকে কোনো অভিযান পরিচালনার সুযোগ না দেওয়ার জন্যও তিনি প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান।
ইসমাইল কোসারি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যে দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সক্ষমতা ও ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেবে, এর সব দায়ভার তাদেরই নিতে হবে। এমনকি ইরানে হামলার জন্য ইউরোপের আকাশসীমা ব্যবহার করা হলেও ইসলামি প্রজাতন্ত্র ইরান তার দাঁতভাঙা জবাব দেবে।’
সূত্র: আলজাজিরা



