বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩২ এএম
বাংলাদেশ সীমান্তে নিখোঁজ হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে বরাক নদীতে নামার পর স্রোতে ভেসে যান তিনি। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনী ও পুলিশ।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার (২৩ নভেম্বর) ভোরে সন্দেহভাজন পাচারকারীদের ধরতে নদীতে নামার পর নিখোঁজ হন কনস্টেবল কে ভেনু। তার সঙ্গে নদীতে নামা আরেক বিএসএফ সদস্য তীরে ফিরতে সক্ষম হলেও এখনো খোঁজ মেলেনি ভেনুর।
আসামের কাছাড় জেলার কাটিগড়া এলাকার হরিনগর সীমান্ত চৌকির (বিওপি) কাছে এ ঘটনা ঘটে। সেখানে চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীর চলাচলের তথ্য পেয়েছিলেন বিএসএফ সদস্যরা।
তাদের আটক করতে দায়িত্ব দেয়া হয় বিএসএফের দুই সদস্য—হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব ও কনস্টেবল কে ভেনুকে। বিএসএফ সদস্যরা চ্যালেঞ্জ করলে সন্দেহভাজন ব্যক্তিরা বরাক নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ। এরপর তাদের ধরতে ওই দুই জওয়ানও নদীতে নামেন।
জিতেন্দ্র যাদব নদীর তীরে ফিরে আসতে পারলেও ভেসে যান কে ভেনু। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
কে ভেনুর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) একটি দল। তারা নদীতে তল্লাশি শুরু করে। বিএসএফ সদস্যদের পাশাপাশি কাটিগড়া থানার পুলিশও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধারে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।



