ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভের আগুন। ইতালি, পর্তুগাল, জার্মানি থেকে যুক্তরাজ্য—রাস্তায় নামছে হাজার হাজার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম। জীবনযাত্রার বাড়তি ব্যয়, আবাসন সংকট, বেকারত্ব ও বৈষম্যে বাড়ছে মানুষের ক্ষোভ। তাদের অভিযোগ, অর্থনীতি ও রাজনীতি এখন সাধারণ মানুষের স্বার্থে নয়, বরং বড় করপোরেশন ও ধনীদের স্বার্থে পরিচালিত হচ্ছে।
অন্যদিকে সামরিক ব্যয় বাড়লেও উপেক্ষিত থাকছে মানুষের মৌলিক চাহিদা। এই ক্ষোভ কি কেবল সাময়িক প্রতিবাদ, নাকি ইউরোপের প্রচলিত অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থার গভীর সংকটেরই ইঙ্গিত?
বিক্ষোভ এখন ছড়িয়ে পড়ছে ইউরোপের বিভিন্ন দেশে। ইতালিতে গত সপ্তাহে ৫০টি শহরে রাস্তায় নেমেছিলেন ১০ লাখেরও বেশি মানুষ। পর্তুগালে আবাসন ব্যয় দ্রুত বেড়ে যাওয়ার প্রতিবাদে গড়ে উঠেছে তাঁবুর অস্থায়ী শিবির। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিধি ক্রমাগত বাড়ানোর বিরোধিতা করে বিক্ষোভকারীদের মুখোমুখি হয়েছে জলকামানসহ দাঙ্গা পুলিশ। আর সর্বশেষ যুক্তরাজ্যে, ২০ নভেম্বর ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো, তাদের যুদ্ধের জন্য নয়!’—এই স্লোগানকে সামনে রেখে আন্দোলনের দিন পালন করেছে হাজার হাজার শিক্ষার্থী।
জেন-জি প্রজন্মের এই বিক্ষোভগুলোর পেছনে যে অভিন্ন কারণটি কাজ করছে, তা হলো জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাওয়া। বৈশ্বিক মহামারির পর ইউক্রেন যুদ্ধ, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং সর্বশেষ ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ—সব মিলিয়ে বৈশ্বিক সরবরাহব্যবস্থা ভেঙে পড়ছে। এর ফলে পণ্য ও সেবার দাম লাগামহীনভাবে বাড়ছে।
তবে এটি আরও বিস্তৃত একটি সমস্যার কেবল উপসর্গমাত্র। নিয়ন্ত্রণমুক্ত বাজারব্যবস্থা ও নব্য উদারনৈতিক অর্থনৈতিক নীতির সুযোগে করপোরেশনগুলো শুধু অর্থনীতিই নয়, রাজনীতির ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এর ফলে সমাজের শীর্ষ পর্যায়ে বিপুল সম্পদ কেন্দ্রীভূত হয়েছে, আর ইউরোপের অধিকাংশ মানুষের জীবন ক্রমেই অনিশ্চিত হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তার—যা ব্যাপক বেকারত্বের আশঙ্কা তৈরি করছে—পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে অর্থনীতি কীভাবে পরিচালিত হবে, তা নিয়ে আমাদের মৌলিকভাবে নতুন করে ভাবতে হবে। অথচ আমরা এমন এক রাজনৈতিক শ্রেণির শাসনে রয়েছি, যারা দেশ পরিচালনার সদিচ্ছা ও সক্ষমতা হারিয়ে ফেলেছে।
অবশ্য ক্ষমতাসীনরা এখনো রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ-সুবিধা ভোগ করতে ব্যস্ত। কিন্তু তারা এমন এক ব্যবস্থার মধ্যে কাজ করছে, যা মানবজাতির সামনে থাকা সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাদের বাধা দিচ্ছে। এই সংকটময় পরিস্থিতিতে মধ্যপন্থা আর টিকে থাকতে পারছে না। ফলে উগ্র ডানপন্থী ও বামপন্থী—উভয় ধারার রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের সমর্থন দ্রুত বাড়ছে।
সমস্যার মূলে রয়েছে একটি ঐতিহাসিক পরিবর্তন। প্রায় ৪০ বছর আগে রাজনীতিবিদেরা বিশ্বাস করতে শুরু করেন, মুক্তবাজারই মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে। সরকারগুলো অর্থনীতি পরিচালনার দায়িত্ব থেকে নিজেদের গুটিয়ে নেয়। তাদের বলা হয়েছিল, বেসরকারি খাতের হাতে নিয়ন্ত্রণ তুলে দিলে প্রতিযোগিতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির শক্তি উন্মুক্ত হবে এবং রাষ্ট্রের অদক্ষ হস্তক্ষেপ ছাড়াই অর্থনীতির বিকাশ ঘটবে।
কিন্তু কয়েক দশক পেরিয়ে যাওয়ার পর ক্রমেই স্পষ্ট হয়েছে, বাজারব্যবস্থা আর অসংখ্য ছোট প্রতিষ্ঠানের মধ্যে সুস্থ প্রতিযোগিতার জায়গা নেই। বরং এটি পরিণত হয়েছে এমন এক ব্যবস্থায়, যেখানে বিশাল করপোরেশনগুলো নাগরিক, সরকার, এমনকি গোটা পৃথিবীকেও নিজেদের স্বার্থে পরিচালিত হতে বাধ্য করছে।
অর্থনীতির নিয়ন্ত্রণ চলে গেছে একচেটিয়া করপোরেশনগুলোর হাতে। তারা সরবরাহব্যবস্থাকে এমনভাবে বিস্তৃত ও জটিল করেছে যে তা এখন ভেঙে পড়ার ঝুঁকিতে। মুনাফা নিজেদের পকেটে ভরছে, অথচ ব্যবসার সামাজিক ও পরিবেশগত ক্ষতির বোঝা চাপিয়ে দিচ্ছে সাধারণ মানুষের ওপর। একই সঙ্গে বাড়াচ্ছে বৈষম্য এবং ধ্বংস করছে পরিবেশ।
একসময় অর্থনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত নির্বাচিত সরকারগুলো, অন্তত জনস্বার্থের কথা বিবেচনায় রেখে। কিন্তু বর্তমানে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে করপোরেট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কক্ষে। সেখানে ধনী বিনিয়োগকারীদের ব্যক্তিগত স্বার্থ ছাড়া অন্য কিছুই গুরুত্ব পায় না।
যখন অর্থনৈতিক সিদ্ধান্তের প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় মুষ্টিমেয় কিছু মানুষের সম্পদ বাড়ানো, তখন জনপরিকাঠামোর বেহাল দশা হওয়াটাই কি স্বাভাবিক নয়? মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য যেসব মৌলিক বিষয় প্রয়োজন—আবাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা—সেগুলোও এখন আর নাগরিক অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে না। বরং একচেটিয়া ব্যবসায়ীদের মুনাফা অর্জনের পণ্যে পরিণত হয়েছে।
রাজনীতিবিদেরা কল্যাণরাষ্ট্রের কাঠামো ভেঙে দিচ্ছেন। তাঁদের দাবি, বর্তমান সময়ে দরিদ্রতম জনগোষ্ঠীর দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য আর রাষ্ট্রের নেই। কিন্তু তাঁরা বিষয়টি সম্পূর্ণ উল্টোভাবে দেখছেন। বাস্তবতা হলো, দরিদ্রদের দেখভাল করার সামর্থ্য আমাদের নেই—এমন নয়; বরং ধনীদের বিপুল সম্পদ ও ক্ষমতার ভার বহন করাই আমাদের জন্য অসহনীয় হয়ে উঠেছে।
বর্তমান সংকটের মধ্যে ইউরোপের কিছু দেশ আবারও শিল্পনীতি, অর্থনৈতিক পরিকল্পনা এবং সরকারি হস্তক্ষেপের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে শুরু করেছে। মুক্তবাজার অর্থনীতির যুগের সূচনায় যেসব নীতিগত হাতিয়ার পরিত্যক্ত হয়েছিল, সেগুলো আবার ফিরিয়ে আনার কথা ভাবা হচ্ছে।
কিন্তু একচেটিয়া করপোরেশনগুলোর হাত থেকে ক্ষমতা ফিরিয়ে না আনলে এসব হাতিয়ার যথাযথভাবে ব্যবহার করা সম্ভব নয়। এর জন্য সমাজের মালিকানা ও নিয়ন্ত্রণ যাদের হাতে কেন্দ্রীভূত হয়েছে, তাদের সঙ্গে সমাজের সাধারণ মানুষের ক্ষমতার সম্পর্ক মৌলিকভাবে বদলাতে হবে। প্রয়োজন একটি নতুন ‘নিউ ডিল’—যার ব্যাপ্তি অন্তত ১৯৩০-এর দশকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের নেওয়া অর্থনৈতিক ও সামাজিক সংস্কার কর্মসূচির সমপর্যায়ের।
কিছু দিক থেকে আজকের চ্যালেঞ্জ আরও বড়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের রাজনীতিবিদেরা একটি নতুন সামাজিক চুক্তি গড়ে তুলেছিলেন। সেই চুক্তির মূল ধারণা ছিল, যুদ্ধবিধ্বস্ত দেশগুলো পুনর্গঠিত হবে, অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি অর্জন করবে এবং পৃথিবীর সম্পদ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি মাত্রায় ব্যবহার করে সেই প্রবৃদ্ধির সুফল সমাজের সব স্তরের মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি থাকলে ধনীরা আরও ধনী হওয়ার পাশাপাশি দরিদ্রদের জীবনমানও উন্নত করা সম্ভব—এমনটাই ছিল সেই ধারণা।
কিন্তু প্রাকৃতিক সম্পদের তীব্র সংকটের মুখে থাকা বর্তমান বিশ্বে আর এভাবে চলা সম্ভব নয়। বাস্তবতা হলো, বিশ্বের ধনী দেশগুলো ইতোমধ্যে বৈশ্বিক সম্পদের ন্যায্য অংশের চেয়েও বেশি ব্যবহার করে ফেলেছে।
এই সংকট থেকে বেরিয়ে আসার একটি পথ হিসেবে কেউ কেউ পশ্চিমা আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার কথা ভাবছেন। ইউরোপীয় সরকারগুলো যে একটি খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী, তা হলো সামরিক শক্তি ও যুদ্ধের প্রস্তুতি। এমনকি জার্মানিও সামরিক ব্যয়ের প্রয়োজন দেখিয়ে তাদের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ বাজেটের নীতি থেকে সরে আসতে প্রস্তুত। অথচ এই একই নীতি তারা প্রায় ধর্মীয় বিশ্বাসের মতো কঠোরভাবে ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপিয়ে দিয়েছে, যার পরিণতি হয়েছে ভয়াবহ।
কিন্তু সামরিক ব্যয় বাড়িয়ে ইউরোপের শিল্পখাতকে পুনরুজ্জীবিত করা যাবে না। এতে ইউরোপের নিরাপত্তাও নিশ্চিত হবে না। বরং এর ফলে সেই একচেটিয়া করপোরেশনগুলোর ক্ষমতা আরও বাড়বে, যারা করের অর্থ থেকে ক্রমাগত বিপুল মুনাফা তুলে নিচ্ছে এবং বিশ্বকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
এটি কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে ইউরোপকে রক্ষা করার প্রকৃত উদ্যোগ নয়। বরং এর মাধ্যমে ইউরোপের এমন ক্ষমতা বজায় রাখার চেষ্টা চলছে, যাতে তারা যখন যেখানে যা ইচ্ছা, তা করতে পারে। অন্যায় ও বৈষম্যের ওপর ভিত্তি করে আর সমৃদ্ধি কিংবা নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তরুণদের বিক্ষোভে এই উপলব্ধিই স্পষ্ট হয়ে উঠেছে। জার্মানির বিভিন্ন শহরের রাস্তায় ওঠা স্পষ্টতই সামরিকতাবাদবিরোধী স্লোগানগুলো তারই প্রমাণ।
প্রকৃত সমাধানের জন্য আমাদের চিন্তাভাবনায় আরও বড় ধরনের পরিবর্তন আনতে হবে। মেনে নিতে হবে, ইউরোপ এমন এক পরবর্তী প্রবৃদ্ধিহীন যুগে প্রবেশ করছে, যেখানে সমাজের সীমিত সম্পদ ও সম্পদ ব্যবহারের সুযোগ নতুন করে এবং মৌলিকভাবে পুনর্বণ্টন করতে হবে।
এই পরিবর্তন সহজ হবে না। এর জন্য এমন রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন, যাদের করপোরেশনগুলোর হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার এবং একচেটিয়া পুঁজিবাদ ভেঙে দেওয়ার সদিচ্ছা ও সক্ষমতা রয়েছে। কিন্তু এ ধরনের পরিবর্তন ওপর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসবে না। কারণ, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট রাষ্ট্রনায়ক ফ্রেডরিক ডগলাস যেমন বলেছিলেন, দাবির মুখে না পড়লে ক্ষমতা কখনোই স্বেচ্ছায় কিছু ছাড়ে না।
ইউরোপের তরুণ প্রজন্ম আমূল পরিবর্তনের দাবি জানাচ্ছে। আর সেই পরিবর্তনের আশার আলো লুকিয়ে আছে তাদের মধ্যেই।



