যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধ শেষ হওয়ার জোরালো আশার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। গত আগস্ট মাসের পর এই প্রথম আন্তর্জাতিক বাজারের প্রধান মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে।
সাম্প্রতিক দিনগুলোতে তেলের দাম হ্রাসের ধারা অব্যাহত রয়েছে এবং সর্বশেষ লেনদেনে ব্রেন্টের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে দাঁড়ায় ৮৯ দশমিক ৬৬ ডলারে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রধান বাজার ওয়েস্ট টেকসাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ২ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে।
মধ্যপ্রাচ্যের এই সংঘাতের অবসান নিয়ে ইতিবাচক ইঙ্গিত মিলেছে খোদ মার্কিন প্রশাসনের তরফ থেকে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুদ্ধ বন্ধের পথে একটি গতি সৃষ্টি হয়েছে। তবে একই সঙ্গে তিনি ভবিষ্যতে প্রয়োজনে আরও হামলার সম্ভাবনাও খোলা রেখেছেন। তা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার লক্ষণ দেখেই বিশ্ববাজারে তেলের দামের এই স্বস্তিদায়ক পতন দেখা গেল।
সূত্র: আল-জাজিরা



