বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর স্বর্ণের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। ডলারের দর ও মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা কমে যাওয়া এবং জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম।
এদিন বাংলাদেশ সময় বিকাল ৩টা ১৮ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩০ ডলার ২৭ সেন্টে দাঁড়ায়। দিনের লেনদেনে একপর্যায়ে দাম বেড়ে ৪ হাজার ১৪৬ ডলার ৬৩ সেন্টে পৌঁছায়। গত ২০ অক্টোবরের পর এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।
এর আগের দিন বুধবার স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছিল, যা গত ১৯ আগস্টের পর এক দিনে সর্বোচ্চ বৃদ্ধি। চলতি সপ্তাহে এখন পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের দাম ২৫০ ডলারের বেশি বেড়েছে। গত শুক্রবার এক বছরের মধ্যে সর্বনিম্ন ৩ হাজার ৮৬৯ ডলার ৮৫ সেন্টে নেমেছিল মূল্যবান এই ধাতুর দাম।
এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর ডেলিভারির স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৯ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।
স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজি বিভাগের প্রধান ওলে হ্যানসেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর মূল্যবান ধাতুগুলো বড় ধরনের সুবিধাভোগী হিসেবে উঠে এসেছে।’
তিনি আরও বলেন, ‘জ্বালানির দাম কমে যাওয়া, মূল্যস্ফীতি ও সুদের হার নিয়ে উদ্বেগ প্রশমিত হওয়া এবং ট্রেজারি বন্ডের মুনাফা ও ডলারের দর কমে যাওয়ার সম্মিলিত প্রভাবে সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা জল্পনাভিত্তিক বিক্রির অবস্থান থেকে বিনিয়োগকারীরা সরে আসতে বাধ্য হয়েছেন।’
বুধবার প্রায় ৯ শতাংশ দরপতনের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলারের নিচে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় ধরনের অগ্রগতির ফলে ইরান যুদ্ধের আরও বিস্তারের ঝুঁকি কমতে পারে—এমন আশায় তেলের দামে এই পতন হয়েছে। একই সময়ে কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মার্কিন ডলারের দর ও ট্রেজারি বন্ডের মুনাফা।
জ্বালানি তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ প্রশমিত হয় এবং দীর্ঘ সময় উচ্চ সুদের হার বজায় রাখার আশঙ্কাও কমে। অন্যদিকে ডলারের দর দুর্বল হলে অন্যান্য মুদ্রায় স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়। এতে মূল্যবান ধাতুটির চাহিদা বাড়ে।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের ইঙ্গিত পেতে শুক্রবারের নন-ফার্ম পেরোলস প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
অন্যদিকে ব্যাংক অব ইংল্যান্ড বৃহস্পতিবার সুদের হার বাড়াতে পারে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। গত তিন বছরের মধ্যে এটিই হতে পারে দেশটির প্রথম সুদের হার বৃদ্ধি। এর মাধ্যমে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোর অনুসরণ করা সুদের হার বাড়ানোর ধারায় যুক্ত হতে পারে ব্যাংকটি।
অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। বৃহস্পতিবার স্পট সিলভারের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫২ ডলার ৮০ সেন্টে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৫১৮ ডলার ৩০ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২২ ডলার ৮৯ সেন্টে পৌঁছেছে।
সূত্র: রয়টার্স



