কাজাখস্তানে ২০২৭ সালের সম্ভাব্য রমজান ও ঈদের তারিখ ঘোষণা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম
কাজাখস্তানে ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে দেশটির মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন। একই সঙ্গে আগামী বছরের বিভিন্ন ইসলামি ধর্মীয় দিবসের ক্যালেন্ডারও অনুমোদন দেওয়া হয়েছে।
ঘোষিত বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান মাস শেষে ঈদুল ফিতর বা স্থানীয়ভাবে পরিচিত ‘ওরাজা আইত’ উদযাপিত হবে ৯ মার্চ, মঙ্গলবার। এছাড়া মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ রাত লাইলাতুল কদর পালিত হবে ৫ ও ৬ মার্চের মধ্যবর্তী রাতে।
মে মাসে শুরু হবে ঈদুল আজহা
ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালে ঈদুল আজহা বা ‘কুরবান আইত’ শুরু হবে ১৬ মে, রোববার। এর আগের দিন ১৫ মে পালিত হবে পবিত্র আরাফার দিবস। ঈদুল আজহার উৎসব দেশটিতে তিন দিনব্যাপী উদযাপিত হবে।
শবে বরাত ও ঈদে মিলাদুন্নবী
রমজান শুরুর আগে শবে বরাত পালিত হবে ২২ ও ২৩ জানুয়ারির মধ্যবর্তী রাতে। অন্যদিকে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস ঈদে মিলাদুন্নবী বা মাওলিদ উপলক্ষে অনুষ্ঠান হবে ১৪ আগস্ট ও তার পরের দিনে।
চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ
কাজাখস্তানের মুসলিমদের আধ্যাত্মিক প্রশাসন জানিয়েছে, ইসলামি মাসগুলো নতুন চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য ব্যবহার করে সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও এগুলো চূড়ান্ত নয়।
নতুন চাঁদ দেখার ফলাফলের ভিত্তিতে ধর্মীয় দিবসগুলোর তারিখ একদিন আগে বা পরে পরিবর্তিত হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।



