ইরানের সামরিক তৎপরতা নজরদারিতে ইসরাইল, নতুন হামলার আশঙ্কা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১০ পিএম
ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনের তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরাইল। তেল আবিবের আশঙ্কা, সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত সামরিক শক্তি পুনরুদ্ধারে উল্লেখযোগ্য অগ্রগতি হলে ইসরাইল নতুন করে সামরিক পদক্ষেপ নিতে পারে।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত দেশটির নিরাপত্তাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের সামরিক পুনর্গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। সেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের বিভিন্ন সূচক পর্যালোচনা করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের নতুন সামরিক প্রস্তুতির কিছু ইঙ্গিত পাওয়া গেছে। এসব উদ্যোগ পূর্ণ বাস্তবায়ন হলে দেশটির প্রতিরক্ষা ও যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন কোনো বড় সামরিক সংঘাতে জড়াতে অনাগ্রহী বলে মনে করা হচ্ছিল, তবে নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন হলে সেই অবস্থান বদলে যেতে পারে বলেও আলোচনা হয়েছে।
নিরাপত্তা সূত্রগুলো বলছে, ইসরাইলের বর্তমান অগ্রাধিকার নির্ধারিত সময়েই নির্বাচন সম্পন্ন করা। তবে ইরানের সামরিক তৎপরতা যদি ইসরাইলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে ওঠে, তাহলে আত্মরক্ষার যুক্তিতে নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।
এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি আকস্মিক সফরে ইসরাইল যান। সফরকালে তিনি দক্ষিণ ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী, জাতীয় নিরাপত্তা পরিষদের কর্মকর্তাসহ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান নিরাপত্তা সমন্বয় এবং উচ্চপর্যায়ের বৈঠকগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে। তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপ কিংবা ইরানসংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।



