যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের নাম বদলাতে চান ট্রাম্প
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যের নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখার দাবি আবার নতুন করে তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, নাম পরিবর্তন করা হলে ওই অঞ্চলে সম্পদের মূল্য বাড়বে, মানুষের আয় বৃদ্ধি পাবে এবং নাগরিকদের মধ্যে দেশের প্রতি জন্ম নেবে বাড়তি গর্ব।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক বার্তায় ট্রাম্প যুক্তি দেন, যুক্তরাষ্ট্র অংশ হলেও একটি রাজ্যের নামে ‘মেক্সিকো’ থাকা উচিত নয়।
ট্রাম্প লেখেন, ‘নিউ মেক্সিকো রাজ্যের নাম অবিলম্বে বদলে ‘নিউ আমেরিকা’ রাখা উচিত। আমরা তো মেক্সিকো নই, আমরা যুক্তরাষ্ট্রের অংশ!’ ট্রাম্প আরও দাবি করেন, প্রস্তাবিত এই নতুন নাম রাজ্যটির সম্মান ও কদর বহুগুণ বাড়িয়ে দেবে।
তিনি যোগ করেন, ‘বাসাবাড়ির দাম ও মানুষের আয় বাড়বে এবং আমাদের লাল-সবুজ পতাকাকে... অর্থাৎ আমাদের সুন্দর আমেরিকান পতাকাকে সালাম জানানোর সময় আপনারা আরও বেশি গর্ববোধ করবেন!’
এর আগেও এমন প্রস্তাব রেখেছিলেন ট্রাম্প। তবে সাম্প্রতিক এই বার্তাটি তার সেই পুরোনো প্রস্তাবকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। যে ভৌগোলিক স্থানগুলোর নামে অন্য দেশের উল্লেখ রয়েছে, সেগুলোর বদলে আমেরিকান নাম রাখার জন্য ট্রাম্প দীর্ঘদিন ধরেই যে প্রচার চালিয়ে আসছেন, এটি তারই অংশ।
ভৌগোলিক স্থানগুলোর নাম পরিবর্তনের চেষ্টা
এর আগেও ভৌগোলিক নানা স্থানের নাম পরিবর্তনের জন্য আলাপ তুলেছেন ট্রাম্প। মেক্সিকো উপসাগরের (গলফ অব মেক্সিকো) নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ (গলফ অব আমেরিকা) করার পক্ষে মত দিয়েছিলেন তিনি। এমনকি ওন্টারিও হ্রদের নাম বদলে ‘আমেরিকা হ্রদ’ করার প্রস্তাবও তুলেছিলেন।
তবে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা কোনো ভৌগোলিক স্থানের নাম পরিবর্তন করার চেয়ে পুরো একটি রাজ্যের নাম পরিবর্তন করা অনেক বেশি জটিল। মার্কিন প্রেসিডেন্ট চাইলেই কোনো নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজ্যের নাম বদলে দিতে পারেন না। এ ধরনের পদক্ষেপের জন্য নিউ মেক্সিকোর রাজ্য সরকারের পদক্ষেপ এবং কেন্দ্রীয় আইনসভার প্রয়োজনীয় অনুমোদনের প্রয়োজন হয়।
ট্রাম্পের এই প্রস্তাবে নিউ মেক্সিকো রাজ্যের রাজনৈতিক নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। খোদ ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির নেতারাও তার এই উদ্যোগের বিরোধিতা করছেন।
রাজ্য নেতাদের কড়া প্রত্যাখ্যান
নিউ মেক্সিকোর রাজনৈতিক নেতৃত্ব ট্রাম্পের এই ভাবনা একবাক্যে নাকচ করে দিয়েছেন। রাজ্যের ঐতিহ্য ও স্বতন্ত্র পরিচয়ের গুরুত্বের কথা তুলে ধরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।
ডেমোক্র্যাটিক গভর্নর মিশেল লুহান গ্রিশামের কার্যালয় থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে দর-কষাকষির কোনো সুযোগ নেই।
এমনকি রাজ্যটির আগামী গভর্নর নির্বাচনে লড়াই করা শীর্ষ প্রার্থীদের মধ্যেও এই প্রস্তাবের কোনো সমর্থন দেখা যায়নি। ডেমোক্র্যাট প্রার্থী ডেব হাল্যান্ড এবং রিপাবলিকান প্রার্থী গ্রেগ হাল—উভয়েই এই বিতর্কিত ধারণা থেকে নিজেদের দূরে রেখেছেন।
গত মাসে গ্রেগ হাল বলেন, ‘নিউ মেক্সিকোর কোনো নতুন নামের প্রয়োজন নেই।’



