ট্রাম্পের ‘এক সপ্তাহের’ প্রেস সেক্রেটারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম
ট্রাম্পের প্রেস সচিব কেটি জাকারাইয়া। ছবি: রয়টার্স
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুক্রবার পদ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া। একের পর এক ভুল বক্তব্য ও বিতর্কের কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এএফপিকে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।
এর আগে ট্রাম্পও ইঙ্গিত দিয়েছিলেন, জাকারাইয়ার দায়িত্ব চালিয়ে যাওয়া উচিত কি না, তা পুনর্বিবেচনা করা দরকার।
এএফপির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলন করেন ৪১ বছর বয়সী জাকারাইয়া। সেটি ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয়। শুরুতে তিনি ট্রাম্পের বিভিন্ন সাফল্যের তালিকা পড়ে শোনান। এরপর সাংবাদিকদের মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেন। সংবাদ সম্মেলনটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
এরপর জাকারাইয়ার আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক তৈরি হয়। টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছিলেন তিনি। ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি রক্ষণশীল অলাভজনক প্রতিষ্ঠানের সাধারণ আইন উপদেষ্টা হিসেবেও নিজের পরিচয় দিয়েছিলেন।
তবে বৃহস্পতিবার তিনি স্বীকার করেন, আইন বিষয়ে ডিগ্রি থাকলেও যুক্তরাষ্ট্রে আইন পেশায় কাজের জন্য প্রয়োজনীয় বার পরীক্ষায় তিনি পাস করেননি।
বিতর্ক সামাল দিতে ট্রাম্পপন্থী সংবাদমাধ্যমে কয়েকটি সাক্ষাৎকার দেন জাকারাইয়া। ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি তাকে প্রশ্ন করেন, তিনি আবার বার পরীক্ষা দিয়েছিলেন কি না? জাকারাইয়া বলেন, তিনি আর পরীক্ষা দেননি। আইন পেশায় কাজ করার ইচ্ছা কখনোই ছিল না।
আরেক সাক্ষাৎকারে জাকারাইয়া বলেন, বার পরীক্ষার জন্য নিবন্ধন করলেও স্বামীর সঙ্গে চীনে যাওয়ার পরিকল্পনা নিয়ে ব্যস্ত ও মানসিক চাপে থাকায় পরীক্ষা দেওয়া হয়নি। আইন বিষয়ে ডিগ্রি থাকায় সংশ্লিষ্ট ক্ষেত্রের অনেকেই তাকে ‘আইনজীবী’ পরিচয় ব্যবহার করতে পারবেন বলে আশ্বস্ত করেছিলেন বলেও দাবি করেন তিনি।
এএফপি জানিয়েছে, চীন নিয়ে মন্তব্য করেও বিতর্কে জড়ান জাকারাইয়া।
বৃহস্পতিবার ডানপন্থী ভাষ্যকার জ্যাক পোসোবিয়াসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ২০১৬ সালে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে বলে মনে করা হতো। কিন্তু চীন সফরের পর তার মনে হয়েছিল, দেশটিতে ‘ঠিকঠাক শৌচাগারও নেই’।
শুক্রবার জাকারাইয়াকে আরও বেশি করে দেশটি সফরের পরামর্শ দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাকারাইয়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন। লেভিট ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল সংবাদমাধ্যমগুলোকে বেশি সুযোগ দেওয়ার পাশাপাশি সমালোচনামূলক সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করতেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি মাত্র ১১ দিন দায়িত্ব পালন করেছিলেন। তার স্বল্প মেয়াদ নিয়ে ব্যাপক ঠাট্টা-বিদ্রূপ হয়েছিল। জাকারাইয়ার মেয়াদ তার অর্ধেক সময়েরও কম হলো।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্কারামুচি লিখেছেন, ‘রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়।’ তবে অন্যের দুর্ভোগে তিনি আনন্দ পান না বলেও মন্তব্য করেন।
এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাকারাইয়ার বিদায়ের ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ, মূল্যস্ফীতি ও দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। আগামী ৩ নভেম্বর কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীদের সমর্থন বাড়াতে দেশজুড়ে প্রচার চালাচ্ছেন ট্রাম্প। বিভিন্ন জনমত জরিপে নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের আশঙ্কা দেখা যাচ্ছে।



