সামরিক শক্তি দিয়ে স্থায়ী শান্তি সম্ভব নয়, ইসরাইলকে সতর্ক করলেন ওবামা
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সামরিক শক্তির প্রভাব দেখিয়ে কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। ফিলিস্তিনিদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ এবং তাদের ভূমি দখলের মাধ্যমে ইসরাইল ধীরে ধীরে নিজের নৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে কুইন্স ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে এক আলোচনায় গাজা পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন ওবামা।
আলোচনায় তিনি বলেন, গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি যে কোনো বিবেকবান মানুষকে ব্যথিত করবে। তার মতে, দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও সংঘাতের ফলেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ইউরোপে ইহুদিদের ঐতিহাসিক নিপীড়নের বিষয়টি স্বীকার করলেও ওবামা বলেন, ফিলিস্তিনিরাও দীর্ঘদিন ধরে নিজেদের ভূমি ও অধিকার হারানোর মতো গুরুতর অন্যায়ের শিকার হয়েছে। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনিদের ভূমি হারানোর অভিজ্ঞতা ও সংগ্রামকে উপেক্ষা করে স্থায়ী সমাধান সম্ভব নয়।
বর্তমান ইসরাইলি নীতির সমালোচনা করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রযুক্তিগত অগ্রগতি ও সামরিক সক্ষমতা কোনো রাষ্ট্রকে সব সমস্যার সমাধান এনে দিতে পারে না। শুধুমাত্র শক্তির ওপর নির্ভরশীল নীতির মাধ্যমে স্বল্পমেয়াদে কিছু সুবিধা পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে তা নৈতিক ও রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে।
ওবামা আরও বলেন, প্রায় ৭০ লাখ ফিলিস্তিনি এই ভূখণ্ডে বসবাস করছেন এবং তাদের বাস্তবতা উপেক্ষা করে কোনো টেকসই শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। যে পরিস্থিতি নিজেরা মেনে নিতে প্রস্তুত নয়, তা অন্যের ওপর চাপিয়ে দিলে সংঘাত আরও গভীর হবে বলে তিনি সতর্ক করেন।
তার মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদাকে সমান গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত রাজনৈতিক সমাধানের পথে এগোতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি



