বিক্ষোভের মধ্যেই চেন্নাই সফরে মোদি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পিএম
দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই তামিলনাড়ুর চেন্নাই সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ অক্টোবর) সেখানে পৌঁছে তিনি ১৩ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং একাধিক প্রকল্পের উদ্বোধন করেন।
চেন্নাই বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। পরে বিমানবন্দর থেকে বের হয়ে সংক্ষিপ্ত এক রোড শোতে অংশ নেন মোদি। এ সময় রাস্তার পাশে অবস্থানকারী বিজেপি নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
মোদির গাড়িবহর যাত্রাপথে বিজেপির কর্মী-সমর্থকেরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান। এ উপলক্ষে তামিলনাড়ু বিজেপির উদ্যোগে বিমানবন্দরসংলগ্ন এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের আয়োজন করা হয়।
সফরের অন্যতম প্রধান আয়োজন ছিল চেন্নাই মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ করিডরের পুনামাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন। প্রধানমন্ত্রী মোদি এবং মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার উদ্বোধন করেন এবং পরে একই ট্রেনে ভ্রমণও করেন।
নতুন চালু হওয়া এই অংশে মোট ১১টি উড়াল মেট্রো স্টেশন রয়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই রুটে যাত্রীসেবা শুরু হওয়ায় নগরীর যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে মোদির এই সফরের আগে শনিবার দেশজুড়ে চলা বিক্ষোভে রাজনীতিবিদ, অভিনেতাসহ তিন হাজারের বেশি মানুষকে আটক করে পুলিশ। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। রাজধানী দিল্লির যন্তর মন্তর এলাকায় বিক্ষোভ নিয়ন্ত্রণে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে বিভক্ত হয়ে কর্মসূচি পালন করেন।
সূত্র: দ্য প্রিন্ট।



