আন্দোলনকারীদের মুক্তি না দিলে অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পিএম
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতার পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে আটক নেতাদের রোববারের (১১ অক্টোবর) মধ্যে মুক্তি দেয়া না হলে ফের অনশন কিংবা পদযাত্রার হুঁশিয়ারি দিয়েছেন সমাজকর্মী সোনাম ওয়াংচুক। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, দেশজুড়ে বর্তমানে এক ধরনের ‘অঘোষিত জরুরি অবস্থা’ চলছে।
ওয়াংচুক লেখেন, ‘গতকাল (শুক্রবার) যখন আমি আজকের প্রতিবাদ কর্মসূচিতে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে একটি বার্তা পোস্ট করি, তখন কল্পনাও করিনি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এভাবে এক অঘোষিত জরুরি অবস্থার মধ্য দিয়ে যাবে।’
সিইসিবিরোধী এই আন্দোলনে সমর্থন জানালেও দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে সশরীরে অংশ নিতে পারেননি ওয়াংচুক। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি আনন্দিত ছিলাম যে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতাই উপস্থিত ছিলেন। কিন্তু এখন জানতে পারছি, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।’
আটক নেতাদের দ্রুত মুক্তি দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন আলোচিত এই সমাজকর্মী। তবে রোববারের মধ্যে তাদের ছেড়ে দেয়া না হলে ‘অনশন বা পদযাত্রার’ কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন বলে সতর্ক করে দেন তিনি।
প্রসঙ্গত, সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে যেন রণসাজে সাজিয়েছে ভারত সরকার। হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য, মেট্রো স্টেশন ও রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ ঠেকানোর প্রাণান্ত চেষ্টা চালানো হয়েছে। সিজেপি এবং বাম ছাত্র সংগঠনগুলোর প্রায় সব নেতাকে আটক করা হয়েছে।
আন্দোলনে সংহতি জানানো সাবেক ৪ মুখ্যমন্ত্রীকেও আটক করেছে দিল্লি পুলিশ। তারা হলেন–পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, কেরালার পিনরাই বিজয়ন এবং ত্রিপুরার মানিক সরকার।



