জম্মু-কাশ্মীর থেকে ১৫০ বাংলাদেশিকে বাগডোগরায় স্থানান্তর
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
ভারতের জম্মু-কাশ্মীরে অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ১৫০ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গের বাগডোগরা বিমানবন্দরে স্থানান্তর করা হয়েছে। পরে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত সোমবার শ্রীনগর থেকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে করে ওই ১৫০ জনকে বাগডোগরায় নেওয়া হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
তবে ৭ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় দফায় আরও বাংলাদেশিকে সেখানে আনা হয়েছে কি না কিংবা আটক ব্যক্তিদের কেউ ইতোমধ্যে বাংলাদেশে ফেরত গেছেন কি না, সে বিষয়ে পশ্চিমবঙ্গ প্রশাসন বা বিএসএফের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিদেশি নাগরিকদের পরিচয় ও নথিপত্র যাচাই কার্যক্রম চলছে। এ প্রক্রিয়ায় প্রায় ৬০০ বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
তথ্যানুসন্ধানে দেখা গেছে, তাদের অনেকেই দীর্ঘদিন ধরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নির্মাণশ্রমিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিলেন তারা।
কর্তৃপক্ষ জানায়, পরিচয় যাচাইয়ের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের আধার কার্ড ও অন্যান্য নথি পরীক্ষা করা হয়। কিছু ক্ষেত্রে নথিপত্রে অসঙ্গতি পাওয়া গেলে তাদের জাতীয়তা নিয়ে আরও বিস্তারিত তদন্ত শুরু হয়। পরে তথ্য যাচাইয়ের মাধ্যমে বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত হওয়ার দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।
তবে শনাক্ত বাংলাদেশির সংখ্যা নিয়ে ভিন্ন তথ্যও রয়েছে। জম্মু-কাশ্মীর প্রশাসনের হিসাবে, অঞ্চলটিতে ৫০৪ জন বাংলাদেশি নাগরিকের তথ্য নথিভুক্ত রয়েছে। এর মধ্যে ৪৬ জন জম্মু অঞ্চলে এবং ৪৫৮ জন কাশ্মীর উপত্যকায় অবস্থান করছিলেন।
এদিকে অবৈধ অভিবাসন ও জনসংখ্যাগত পরিবর্তন পর্যালোচনার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটিকে এক বছরের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জম্মু-কাশ্মীর প্রশাসন সম্প্রতি শ্রীনগরের পান্থা চক এলাকায় ১২টি অস্থায়ী আবাসনকে বিদেশি নাগরিকদের জন্য অস্থায়ী আটককেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। জাতীয়তা ও পরিচয় যাচাই শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের সেখানে রাখা হচ্ছে বলে জানা গেছে।
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিকের ভারতে অবস্থান আইনসম্মত নয়। তবে তিনি দাবি করেন, কাশ্মীরে অবস্থানরত বাংলাদেশিরা এখন পর্যন্ত বড় ধরনের কোনো আইনশৃঙ্খলা সমস্যা সৃষ্টি করেননি।
এদিকে আটক বাংলাদেশিদের চূড়ান্ত প্রত্যাবাসন প্রক্রিয়া এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সময়সূচি সম্পর্কে এখনো স্পষ্ট কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।



