রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম
অ্যাসিমেট্রিক জৈব সংশ্লেষণে অরৈখিক প্রভাব (নন-লিনিয়ার ইফেক্ট) এবং স্বয়ং-অনুঘটন বা অটোক্যাটালাইসিস বিষয়ে যুগান্তকারী গবেষণার জন্য ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী হেনরি কাগান ও কেনসো সোয়াই।
বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে এ বছরের রসায়নে নোবেলজয়ীদের নাম ঘোষণা করে।
পুরস্কার ঘোষণাকালে নোবেল কমিটির রসায়নবিষয়ক চেয়ারম্যান হেইনার লিংকে বলেন, এবারের নোবেল এমন একটি মৌলিক বৈজ্ঞানিক ধারণাকে স্বীকৃতি দিয়েছে, যা আধুনিক রসায়নের গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি।
তিনি কাইরাল অণুর ধারণা ব্যাখ্যা করতে মানুষের দুই হাতের উদাহরণ তুলে ধরেন। তার ভাষ্য, দুই হাত দেখতে একে অপরের দর্পণ প্রতিবিম্বের মতো হলেও তারা অভিন্ন নয় এবং একটির ওপর আরেকটি পুরোপুরি প্রতিস্থাপন করা যায় না। একই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন অণুগুলোকে ‘কাইরাল’ অণু বলা হয়, যা আধুনিক জৈব রসায়ন ও ওষুধ শিল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নোবেল কমিটির মতে, হেনরি কাগান ও কেনসো সোয়াইয়ের গবেষণা অ্যাসিমেট্রিক সংশ্লেষণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। বিশেষ করে নির্দিষ্ট ধরনের কাইরাল যৌগ তৈরিতে তাদের কাজ আধুনিক রাসায়নিক, ফার্মাসিউটিক্যাল এবং জৈবপ্রযুক্তি গবেষণায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
এ বছর নোবেলজয়ীরা যৌথভাবে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা অর্থ পুরস্কার পাবেন, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। এর পাশাপাশি তারা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বৈজ্ঞানিক সম্মাননার স্বীকৃতি লাভ করবেন।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আয়োজিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফের কাছ থেকে তারা নোবেল পদক ও সনদ গ্রহণ করবেন। দিনটি নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী।
উল্লেখ্য, চলতি নোবেল সপ্তাহে এর আগে চিকিৎসাবিজ্ঞান ও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। আগামী দিনগুলোতে সাহিত্য, শান্তি এবং অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নামও ঘোষণা করা হবে।



