Logo
Logo
×

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পিএম

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রে প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের ধারণা, কর্মসংস্থানের গতি কমে যাওয়ায় চলতি মাসে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা আগের তুলনায় কমেছে, যা স্বর্ণবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

শুক্রবার (২ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ২২৩ ডলার ৪৯ সেন্টে পৌঁছায়। একই সময়ে মার্কিন স্বর্ণের ফিউচার বা আগাম সরবরাহ চুক্তির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৫৪ ডলার ১০ সেন্টে দাঁড়ায়।

তবে এ দিনের উত্থান সত্ত্বেও পুরো সপ্তাহের হিসাবে স্বর্ণের দাম প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী ডলার এবং মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ সুদহার স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে কৃষিখাতের বাইরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে মাত্র ২৯ হাজার। এর আগে অর্থনীতিবিদরা প্রায় ৯০ হাজার নতুন কর্মসংস্থান হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন। ফলে প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান তথ্য বাজারে নতুন বার্তা দিয়েছে।

এ তথ্য প্রকাশের পর মার্কিন ডলারের মান কিছুটা দুর্বল হলেও সপ্তাহের হিসাবে তা এখনও শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১০ ও ৩০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার সম্প্রতি দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, কর্মসংস্থান প্রতিবেদন প্রকাশের আগে চলতি মাসে ফেডের সুদহার বৃদ্ধির সম্ভাবনা বাজারে ২৮ শতাংশ হিসেবে দেখা হচ্ছিল। প্রতিবেদন প্রকাশের পর তা কমে প্রায় ১৪ শতাংশে নেমে আসে।

বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার্স বলেন, সুদহার বৃদ্ধির আশঙ্কা কমে যাওয়ায় ডলারের ওপর চাপ তৈরি হয়েছে এবং সেটি স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে। তবে সুদের হার আবার ঊর্ধ্বমুখী হলে স্বর্ণের বাজারে নতুন করে চাপ তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় কমে আসা এবং ফেডের কয়েকজন নীতিনির্ধারকের সুদহার বৃদ্ধির বিরোধিতা করার কারণে সুদহার অপরিবর্তিত রাখার প্রত্যাশাও জোরালো হয়েছে।

শুধু স্বর্ণ নয়, মূল্যবান অন্যান্য ধাতুর দামও বেড়েছে। স্পট মার্কেটে রুপার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬২ ডলার ৭ সেন্টে পৌঁছেছে। প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৭৪০ ডলার ৫৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ১৯৭ ডলার ৪৭ সেন্ট হয়েছে। তবে সপ্তাহের হিসাবে এসব ধাতুর দামও নিম্নমুখী রয়েছে।

সূত্র: রয়টার্স

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন