নামাজই ইরানি জাতির সংগ্রাম ও সাফল্যের প্রধান শক্তি: খামেনি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানি জাতির সংগ্রাম, বিজয় এবং অগ্রযাত্রার অন্যতম প্রধান ভিত্তি হলো নামাজ। তিনি নামাজকে মানুষের আধ্যাত্মিক শক্তি, নৈতিক উন্নতি এবং সামাজিক দায়িত্ববোধ গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেছেন।
মাশহাদে পবিত্র ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত ৩৩তম জাতীয় নামাজ সম্মেলনে পাঠানো এক বার্তায় তিনি এসব কথা বলেন। সম্মেলনে তার বার্তাটি পাঠ করে শোনানো হয়।
খামেনি বলেন, নামাজ মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত এবং ইসলামের মৌলিক স্তম্ভ। এটি মানুষের সঙ্গে সৃষ্টিকর্তার সরাসরি সম্পর্ক স্থাপনের মাধ্যম এবং অহংকার ও জাগতিক কুপ্রবৃত্তির বিরুদ্ধে আত্মশুদ্ধির শক্তিশালী উপায়।
তিনি আরও বলেন, নামাজ মানুষের অন্তরে প্রশান্তি, আশা ও ভালোবাসা সৃষ্টি করে। তাই এটি কেবল ব্যক্তিগত ইবাদত নয়, বরং সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বার্তায় খামেনি উল্লেখ করেন, পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী ক্ষমতা ও সামর্থ্য অর্জনের পর নামাজ প্রতিষ্ঠা করা সৎকর্মশীলদের অন্যতম প্রধান দায়িত্ব। বর্তমান ইরানি সমাজের বাস্তবতায় নামাজের চর্চা ও এর মূল্যবোধ ছড়িয়ে দেওয়া জাতীয় অগ্রগতি ও সামাজিক শক্তি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বলে তিনি মন্তব্য করেন।
নামাজের সংস্কৃতি প্রসারে পরিবার, শিক্ষক, সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নামাজের চেতনা আরও বিস্তৃত করা সম্ভব।
বার্তার শেষাংশে ইরানের সর্বোচ্চ নেতা আশা প্রকাশ করেন, নামাজের যথাযথ চর্চার মাধ্যমে ইরানি জনগণ এর আধ্যাত্মিক ও সামাজিক কল্যাণ অর্জন করতে সক্ষম হবে।



