ইরানের পারমাণবিক তৎপরতা নিয়ে আমিরাতকে সতর্ক করলেন নেতানিয়াহু
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন উদ্বেগের কথা সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরান আবারও তার পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি অর্জনের চেষ্টা করছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৭ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে নেতানিয়াহু এ বিষয়গুলো তুলে ধরেন।
ইসরাইলি এক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে নেতানিয়াহু ইরানের তথাকথিত ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় নতুন নির্মাণকাজের তথ্যও উপস্থাপন করেন। তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই স্থানটি ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ওই এলাকায় বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চলছে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইরানকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি। পাশাপাশি ইয়েমেনের হুথি গোষ্ঠীর তৎপরতা, বাব আল-মান্দেব প্রণালি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় স্থান পায়।
সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন বলে দুটি সূত্র দাবি করেছে। তবে বৈঠক–পরবর্তী আনুষ্ঠানিক বিবৃতিতে তার উপস্থিতির উল্লেখ করা হয়নি। পরে সৌদি আরব এ দাবি অস্বীকার করেছে।
এদিকে জানা গেছে, মিসরসহ মোট ১০টি দেশ বৈঠকে তাদের প্রতিনিধিদের পাঠিয়েছিল। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল।



