Logo
Logo
×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরের খবর প্রকাশ করায় দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে গোয়েন্দা সংস্থা শিন বেট। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, টেলিভিশন চ্যানেলটির বিরুদ্ধে সামরিক সেন্সর বিভাগের প্রধানের কাছে অভিযোগ করেছে শিন বেট। তাদের দাবি, নেতানিয়াহু ও তার প্রতিনিধি দল ইসরাইলে ফেরার আগেই সফরের খবর প্রকাশ করা হয়।

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিযোগ, খবরটি প্রকাশের ফলে নেতানিয়াহু, তার স্ত্রী এবং সফরসঙ্গী গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। সফরসঙ্গীদের মধ্যে ছিলেন মোসাদের প্রধান, জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান, নেতানিয়াহুর সামরিক সচিব এবং শিন বেটের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুই অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়ে চ্যানেল ১২ জানায়, ব্যক্তিগত একটি বিমানে করে আবুধাবি যান নেতানিয়াহু। সেখানে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরটি প্রায় চার ঘণ্টার ছিল।

চ্যানেলটি জানায়, নেতানিয়াহু ও শেখ মোহাম্মদের বৈঠকের বেশিরভাগ অংশই ব্যক্তিগতভাবে অনুষ্ঠিত হয়। সে সময় সফর নিয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায় নেতানিয়াহুর কার্যালয়।

নেতানিয়াহুর এই গোপন সফর এমন এক সময়ে সামনে এলো, যখন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার আগে হামাসের বড় ধরনের হামলার সম্ভাবনা নিয়ে আমিরাতের প্রেসিডেন্টের সতর্কবার্তা ইসরাইলের প্রধানমন্ত্রী পেয়েছিলেন কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, শেখ মোহাম্মদ নেতানিয়াহুকে এ ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। তবে নেতানিয়াহু সেই তথ্য ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তাদের জানাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে ইসরাইলের সংবাদমাধ্যম হারেৎজও একই ধরনের তথ্য প্রকাশ করেছিল। তবে এ বিষয়ে নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে নতুন করে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন