Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের প্রস্তাব দিল ইরান, শর্ত মানলে খুলবে হরমুজ

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম

যুক্তরাষ্ট্রকে ৭ দিনের প্রস্তাব দিল ইরান, শর্ত মানলে খুলবে হরমুজ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা কমাতে নতুন একটি প্রস্তাব দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ বন্ধ ও আলোচনার পথ খুলতে সাত দিনের একটি পরিকল্পনা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মধ্যস্থতাকারী একটি দেশের মাধ্যমে প্রস্তাবটি ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইরানের প্রস্তাব অনুযায়ী, সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে গাজা, লেবাননসহ সংশ্লিষ্ট সব সংঘাতপূর্ণ এলাকায় সামরিক হামলা বন্ধ করা, যুক্তরাষ্ট্রে আটকে থাকা প্রায় ১২ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ ফেরত দেওয়া, ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারস্য উপসাগরে মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়া।

তেহরান জানিয়েছে, এসব শর্ত বাস্তবায়িত হলে সাত দিনের মেয়াদ শেষে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিয়েও দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হতে পারে।

এর আগে জুন মাসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। তবে বিভিন্ন শর্ত ও পারস্পরিক অভিযোগের কারণে কয়েক সপ্তাহের মধ্যেই সেই উদ্যোগ ভেস্তে যায়।

নতুন প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থান নিয়েছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, তারা তড়িঘড়ি করে কোনো সমঝোতায় পৌঁছাতে চায় না। তবে কূটনৈতিক যোগাযোগ ইতিবাচক ধারায় এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, স্বল্প সময়ের মধ্যে বড় ধরনের অগ্রগতি বা চূড়ান্ত সমঝোতার সম্ভাবনা সীমিত। বিশেষ করে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে দুই দেশের সম্পর্কের বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না।

সূত্র: আল জাজিরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন