সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ৯
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
সৌদি আরবের পূর্বাঞ্চলে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাতজনসহ ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বাবা-মা ও তাদের পাঁচ সন্তান রয়েছেন।
রোববার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা এলাকায় আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনায় দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথম গাড়িতে থাকা একই পরিবারের সাতজন নিহত হন। তাদের মধ্যে বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে ছিলেন।
অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় নিহত হন।
পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হঠাৎ গাড়ির গতিপথ পরিবর্তনকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।
খবর পেয়ে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও সৌদি রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। গাড়ির ধ্বংসস্তূপে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে তারা কাজ করে।
তথ্যসূত্র: গালফ নিউজ



