ইয়েমেনে সৌদি এফ-১৫ ভূপাতিত করার দাবি হুথিদের
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, মারিব অঞ্চলের আকাশে স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানটি ভূপাতিত করা হয়েছে।
হুতিদের দাবি অনুযায়ী, সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানে অংশ নেওয়ার সময় বিমানটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলান এলাকার কাছে বিমানটি ভূপাতিত করা হয়েছে। তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোট তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
২০১৫ সাল থেকে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত চলছে। ওই বছর রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করলে সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোট হস্তক্ষেপ করে। এরপর থেকে দেশটিতে দীর্ঘস্থায়ী সংঘাত অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব ও হুথিদের পুরোনো বিরোধ আবারও আলোচনায় এসেছে। সৌদি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, হুতিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন হামলার চেষ্টা করেছে। এ ঘটনায় মঙ্গলবার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়, যদিও কয়েক মিনিট পর তা প্রত্যাহার করা হয়। হুথিরা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তারা কোনো পবিত্র স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়নি।



