ইসরাইলের অস্তিত্ব রক্ষার জন্য নেতানিয়াহুকে সরানোর দাবি
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ এএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্য গিলাদ কারিভ। তিনি বলেছেন, ইসরাইলি সমাজের অস্তিত্ব রক্ষার জন্যই নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর আনাদোলুর।
কারিভ অভিযোগ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহু গাজার আশপাশের কিবুতজ এলাকায় যাননি এবং ওই দিনের ঘটনাগুলো নিয়ে সেনাবাহিনীর তদন্ত থেকেও সরে গেছেন। তার দাবি, নেতানিয়াহু বারবার জাতীয় নিরাপত্তাকে অবহেলা করেছেন এবং নিরাপত্তা পরিচালনায় সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিয়েছেন।
তিনি বলেন, “এমন একজন ব্যক্তিকে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।” তার মতে, নেতানিয়াহুকে পদ থেকে সরানো এখন ইসরাইলি সমাজের অস্তিত্বের জন্য জরুরি।
এদিকে, হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা খতিয়ে দেখতে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছে। বিরোধী দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষও এ দাবি জানাচ্ছে। তবে নেতানিয়াহুর সরকার কমিশন গঠনের দাবি প্রত্যাখ্যান করে নিজস্ব তদন্ত প্যানেলের পক্ষে অবস্থান নিয়েছে।
আগামী ২৭ অক্টোবর ইসরাইলে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা। জনমত জরিপে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুর্নীতির অভিযোগে তার বিচার চলছে এবং গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।



