এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজয়কে দেখতে চায় টিভিকে
যুগের চিন্তা ২৪ অনলাইন
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
চলতি বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে মাত্র দুই বছর আগে প্রতিষ্ঠিত দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। এর নেতৃত্বে মুখ্যমন্ত্রী হয়েছেন চলচ্চিত্র তারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়।
সম্প্রতি টিভিকে-র ভেতরে তাকে নিয়ে ‘প্রধানমন্ত্রী হিসেবে বিজয়’ স্লোগান ও দাবি বাড়তে থাকায় জোটে অস্বস্তি দেখা দিয়েছে। কংগ্রেসের পর্যটনমন্ত্রী রাজেশ কুমার স্পষ্ট করে জানিয়েছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে টিভিকে যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন না করে, তবে কংগ্রেসের দুই মন্ত্রী পদত্যাগ করবেন।
টিভিকে নেতা আধার অর্জুন ও শরৎকুমার প্রকাশ্যে বিজয়কে জাতীয় স্তরে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরছেন। বিভিন্ন জায়গায় ‘বিজয়ের জন্য প্রধানমন্ত্রী’ লেখা পোস্টারও দেখা গেছে। কংগ্রেস নেতারা প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও, রাজেশ কুমারের হুঁশিয়ারি জোটের ভেতরে চাপ বাড়িয়েছে।
তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন। টিভিকে পেয়েছে ১০৭ আসন। পরে কংগ্রেসের ৫ জন, ভিসিকে, আইইউএমএল ও অন্যান্য মিত্রদের সমর্থনে সরকার গঠিত হয়। ফলে কংগ্রেসের সমর্থন সরে গেলে সরকারের অস্তিত্ব সংকটে পড়তে পারে।
এদিকে এমডিএমকে প্রধান ভাইকো রাহুল গান্ধীর পক্ষে জোরালো সমর্থন দিয়ে বলেছেন, জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে রয়েছে কংগ্রেস, তাই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধী ছাড়া অন্য কাউকে ভাবার সুযোগ নেই।
ক্ষমতাসীন টিভিকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মুখ্যমন্ত্রী বিজয়ও নীরবতা বজায় রেখেছেন। ফলে প্রশ্ন উঠছে—বিজয়ের উত্থান কি কেবল তামিলনাড়ুর রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি টিভিকে তাকে জাতীয় রাজনীতির ময়দানে নামানোর পরিকল্পনা করছে?



