Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের তৎপরতার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে ভারত ও জাপান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:২৬ পিএম

চীনের তৎপরতার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে ভারত ও জাপান

চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও জাপান। সমুদ্র নিরাপত্তা, নৌবাহিনীর যৌথ মহড়া, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণাসহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।

গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, ভারত ও জাপানের ‘বিশেষ কৌশলগত ও বৈশ্বিক অংশীদারত্ব’ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অন্যতম ভিত্তি। ফলে দুই দেশের সামরিক সহযোগিতা কেবল দ্বিপক্ষীয় সম্পর্কেই সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার সঙ্গে যুক্ত।

নৌবাহিনীর সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছে দুই দেশ। যুদ্ধজাহাজ পরিদর্শন, যৌথ মহড়া, নৌযানের রক্ষণাবেক্ষণ ও মেরামত, এবং সমুদ্রে মাইন শনাক্ত ও অপসারণে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া জাহাজ নির্মাণে জাপানের প্রযুক্তি ও ভারতের উৎপাদন সক্ষমতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি স্পেশাল অপারেশনস ফোর্সের মধ্যে সহযোগিতা বাড়ানো, প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি নিয়ে নতুন প্রকল্প গ্রহণ এবং এআইভিত্তিক প্রতিরক্ষা গবেষণায় যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। ভারতের ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড ব্যবস্থা চালুর পরও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে পাকিস্তানের বিষয়ও গুরুত্ব পায়। ভারত আশঙ্কা প্রকাশ করে যে, পাকিস্তানের হাতে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি গেলে তা অন্য দেশেও পৌঁছাতে পারে। পাকিস্তানের অতীত পরমাণু প্রযুক্তি বিস্তারের উদাহরণও তুলে ধরে ভারত। জাপান বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে।

এদিকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে দুই দেশের অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করার বিষয়ে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করবে এবং চীনের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা বহন করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন