ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গাজায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণের ‘বোর্ড অব পিসের’ প্রস্তাবে হামাস সম্মত হয়েছে। এ বিষয়ে শিগগিরই সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলেও তিনি জানান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ‘বোর্ড অব পিসের’ মধ্যস্থতায় গাজায় হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ বিষয়ে সমঝোতা হয়েছে।
ট্রাম্প বলেন, নিরস্ত্রীকরণ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। তিনি এ সমঝোতাকে গাজায় নতুন একটি ফিলিস্তিনি সরকারের অধীনে শাসনব্যবস্থা প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। একই ধাপে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের পরিকল্পনাও রাখা হয়েছে।
হামাসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে জানান, সংগঠনটি নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মত হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
বিবিসি জানিয়েছে, তারা পরিকল্পনাটির খসড়া নথিও হাতে পেয়েছে এবং শিগগিরই এর বিস্তারিত প্রকাশ করবে।
সূত্র : বিবিসি



