Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে: ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:৩৪ এএম

ইরানের সঙ্গে সমঝোতার ‘ভালো সম্ভাবনা’ রয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন আবারও সামরিক অভিযান শুরু করবে বলেও তিনি সতর্ক করেছেন।

সোমবার (২৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা আলোচনায় বসতে চায় এবং আমরা আলোচনা করছি। কী হয় দেখা যাক। একটি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যা করেছি, তা না হলে তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতই না।’

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এখনই আলোচনা চলছে। আলোচনা ভালোই এগোচ্ছে। আমার মনে হয় ইতিবাচক কিছু হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। যদি হয়, সেটাই ভালো। আর যদি না হয়, তাহলে দুই দিন আগে আমরা যা করছিলাম, সেখানেই ফিরে যাব।’

এর আগে প্রেসিডেন্টের নির্দেশে ইরানের বিরুদ্ধে দুই সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্রের বিমান হামলা শনিবার হঠাৎ স্থগিত করা হয়। পাঁচ মাস ধরে চলা উত্তেজনার মধ্যে এটি ট্রাম্পের সর্বশেষ কৌশলগত অবস্থান পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

তবে ট্রাম্পের আশাবাদী মন্তব্যের বিপরীতে যুদ্ধবিরতির সুযোগে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো নতুন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সৌদি আরব, জর্ডান ও ইরাকে ড্রোন হামলার খবর পাওয়া যায়।

সৌদি আরব জানিয়েছে, রাজধানী রিয়াদসহ বিভিন্ন তেল স্থাপনা লক্ষ্য করে ছোড়া ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির দাবি, ইরাক থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো এসব ড্রোন উৎক্ষেপণ করেছে। এ ঘটনার জবাব দেওয়ার অধিকারও সংরক্ষণ করছে রিয়াদ।

এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরে তেল পরিবহনের জন্য ব্যবহৃত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইনের বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

অন্যদিকে তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই। তবে ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত তারা নিজেদের হামলাও স্থগিত রাখবে।

ইরান আরও দাবি করেছে, বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনও তাদের হাতেই রয়েছে। এর আগে ট্রাম্প এ নৌপথ দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখার দাবি জানিয়েছিলেন।

আলোচনা ব্যর্থ হলে ‘কঠোর সামরিক ব্যবস্থা’

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারে। আলোচনার সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘খুব বেশি সময় নেই। হয় দ্রুত অগ্রগতি হবে, না হলে আর হবে না।’

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ওয়াশিংটনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে ইরানই হবে প্রধান আলোচ্য বিষয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ‘আমি এখন আমাদের বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রওনা হচ্ছি। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এটি তার সঙ্গে আমার অষ্টম বৈঠক, যা অন্য যেকোনো আন্তর্জাতিক নেতার তুলনায় বেশি।’

তিনি বলেন, ‘আলোচনার টেবিলে থাকা সব বিষয় নিয়েই কথা হবে, তবে সবচেয়ে গুরুত্ব পাবে ইরান। আমাদের লক্ষ্য স্পষ্ট—ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রের শক্তি বৃদ্ধি করা এবং শান্তির পরিধি আরও সম্প্রসারণ করা।’

নেতানিয়াহু আরও জানান, সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসি গ্রাহামের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তাকে তিনি ‘ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার নিন্দা জানিয়েছে জর্ডান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর সরাসরি আঘাত এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।

জর্ডান জানিয়েছে, সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে সৌদি আরবের আবকাইক তেল স্থাপনায় আগুন লেগেছে।

একই সময়ে হুথিদের মুখপাত্র দাবি করেন, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পরিবহনের পথে অবস্থিত একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন