প্রশ্নফাঁস ইস্যুতে টানা পঞ্চম দিন অচল লোকসভা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ভারতের চিকিৎসাশাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে টানা পঞ্চম দিনের মতো অচল হয়ে পড়েছে লোকসভার কার্যক্রম। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার (২৪ জুলাই)ও কংগ্রেসসহ বিরোধী দলগুলো সরব ছিল। অন্যদিকে সরকার বলছে, আলোচনার আগে শর্ত জুড়ে দেওয়া দেশের জন্য ভুল বার্তা বহন করবে।
শুক্রবার দুপুরে অধিবেশন শুরু হলে সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর প্রতি ইঙ্গিত করে বলেন, সরকার শুরু থেকেই প্রশ্নফাঁস নিয়ে সংসদে বিস্তারিত আলোচনায় প্রস্তুত। তার দাবি, বিরোধী দলের অনেক সদস্যই আলোচনায় অংশ নিতে আগ্রহী। তাই রাহুল গান্ধীর উচিত নিজের দলের সদস্যদের আলোচনায় রাজি করানো।
রিজিজু আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আশ্বাস দিয়েছেন। অভিযুক্তদের দ্রুত বিচারের জন্য বিশেষ আদালতে মামলা পরিচালনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এ বিষয়ে প্রস্তাবিত আইনের খসড়া শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে।
তবে বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আলোচনায় বসতে রাজি নয়। অধিবেশন চলাকালে কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলের সদস্যরা স্লোগান দিতে থাকেন। রাহুল গান্ধী বক্তব্য রাখতে চাইলে সভাপতিত্বকারী জগদম্বিকা পাল জানান, মন্ত্রীরা নথি উপস্থাপনের পর তাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। কিন্তু বিরোধীদের বিক্ষোভ অব্যাহত থাকায় অধিবেশন সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
গত পাঁচ দিন ধরেই বিরোধীদের লাগাতার বিক্ষোভে লোকসভার কার্যক্রম স্থগিত হচ্ছে। ফলে আইন প্রণয়নসহ গুরুত্বপূর্ণ সংসদীয় কাজ ব্যাহত হচ্ছে।
এর আগে দিনের শুরুতে স্পিকার ওম বিড়লা কারগিল বিজয় দিবস উপলক্ষে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। কিন্তু তার বক্তব্য শেষ হতেই বিরোধীরা আবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান শুরু করে।
সরকার কঠোর আইন আনার প্রস্তুতির কথা জানালেও বিরোধীরা তাদের অবস্থান থেকে সরে আসছে না। ফলে আগামী সপ্তাহেও লোকসভায় উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।



