হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে নতুন তেল পাইপলাইন পরিকল্পনা করছে ইরাক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:৪৯ পিএম
পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের সিহান বন্দর এবং সিরিয়ার বানিয়াস পর্যন্ত নতুন তেল পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে ইরাক। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ খুদাইর এ তথ্য জানিয়েছেন।
গত শনিবার ওয়াশিংটনে ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেল রপ্তানি রুটে বৈচিত্র্য আনা এবং শুধু হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল না থাকার জন্য সরকার দীর্ঘমেয়াদি কৌশল নিয়েছে। এ লক্ষ্যে মার্কিন কোম্পানি শেভরন ও টিই ক্যাপিটাল এবং কাতারের ইউসিসিকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমঝোতা স্মারক সই করা হয়েছে।
খুদাইর জানান, বসরা থেকে কিরকুক হয়ে তুরস্কের সিহান বন্দর পর্যন্ত পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে। একই সঙ্গে পাইপলাইনটির একটি শাখা সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াস পর্যন্ত সম্প্রসারণের বিষয়েও সমীক্ষা করা হচ্ছে। অতীতে কিরকুক থেকে এই রুটে অপরিশোধিত তেল পরিবহন করা হলেও যুদ্ধ ও নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনটি অকার্যকর হয়ে পড়ে।
ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক ইরাক বহু বছর ধরে হরমুজ প্রণালির মাধ্যমে তেল রপ্তানি করে আসছে। তবে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং নৌচলাচল ব্যাহত হওয়ার কারণে বিকল্প রপ্তানি পথ গড়ে তোলার উদ্যোগ জোরদার করেছে বাগদাদ।



