পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ অভিযান, নিহত ১০৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:৫০ পিএম
পাকিস্তানের বেলুচিস্তানে চলমান ‘অপারেশন শাবান’-এ তিন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের দাবি, এ নিয়ে গত ৫ জুন থেকে চলমান অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ১০৫ জনে দাঁড়িয়েছে।
রোববার (১২ জুলাই) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, নিহতরা ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য। এর আগে নিরাপত্তা সূত্র জানিয়েছিল, জিয়ারতের মাঙ্গি ড্যাম পুলিশ স্টেশনে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর (এফসি) ও বেলুচিস্তান পুলিশ যৌথভাবে ‘অপারেশন শাবান’ শুরু করে।
এদিকে চলমান অভিযানে নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে গেলেও সম্প্রতি বেলুচিস্তানে তিনটি পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ ৪২ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে শেষ সশস্ত্র সদস্য নির্মূল না হওয়া পর্যন্ত বেলুচিস্তানে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
জিয়ারতের হামলা প্রসঙ্গে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী গত বুধবার বলেন, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা ওই পুলিশ চৌকিতে হামলা চালিয়েছিল। তবে পুলিশের প্রাথমিক প্রতিরোধেই ১৫ হামলাকারী প্রাণ হারায়।
তিনি আরও বলেন, প্রাথমিক সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।



