ইরানের সঙ্গে অন্তর্বর্তী সমঝোতা বাতিল ঘোষণা করলেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে অন্তর্বর্তী সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত বাতিল হয়ে গেছে। তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করা হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেছেন। বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমার কাছে বিষয়টি শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।”
তিনি ইরানকে “খারাপ নেতৃত্বাধীন সহিংস দেশ” হিসেবে অভিহিত করে বলেন, তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে তা ব্যবহার করত। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে, ট্রাম্প নিজে আলোচনার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এরই মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর আব্বাস, সিরিক ও কেশম দ্বীপে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরানের তেল বিক্রির অনুমতিও বাতিল করেছে ওয়াশিংটন। এর জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে হামলা চালানোর দাবি করেছে। এতে যুদ্ধবিরতির সমঝোতা ভেঙে গিয়ে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের মতে, এপ্রিলের যুদ্ধবিরতির পর এটি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বন্দর মাহশাহর ও বুশেহর এলাকায় বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন। ইরান যুক্তরাষ্ট্রকে “বিধ্বংসী জবাব” দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে বলেন, “ভয়ভীতি ও চাপ প্রয়োগের যুগ শেষ। ইরান নতি স্বীকার করবে না।”
এদিকে বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়েছে। ইরানের হামলার দাবির পর সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক আনোয়ার গারগাশ মন্তব্য করেছেন, এ ঘটনা প্রমাণ করে তেহরান এখনো উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তা মেনে নিতে প্রস্তুত নয়।



