ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতির খবরে কমেছে তেলের দাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম
কাতারের রাজধানী দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ কারিগরি আলোচনায় ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছে কাতার। এ খবর প্রকাশের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হয়েছে। বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
লেনদেনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭৩ সেন্ট বা ১ দশমিক ০২ শতাংশ কমে দাঁড়ায় ৭০ দশমিক ৮৪ ডলার। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ৮৩ সেন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৭ দশমিক ৭৫ ডলারে নেমে আসে। এর আগের লেনদেনেও উভয় বেঞ্চমার্কের দাম ১ শতাংশের বেশি কমেছিল, যা প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়।
বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় অগ্রগতির সম্ভাবনা মধ্যপ্রাচ্যে সরবরাহ-ঝুঁকি কমাতে পারে। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।



