১২ দিনের মাথায় 'ট্রিলিয়নিয়ার' খেতাব হারালেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১৭ পিএম
ইলন মাস্ক
স্পেসএক্স এবং টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের পর বিশ্বের প্রথম পাওয়া 'ট্রিলিয়নিয়ার' খেতাব হারিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ওয়াল স্ট্রিটে প্রযুক্তি শেয়ারের এই ধসের কারণে তার ব্যক্তিগত সম্পদ থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার কমে গেছে।
গত ১২ জুন রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে (আইপিও) আসার পর মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ার হওয়ার রেকর্ড গড়েন। তার সম্পদ ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।
গত ১৬ জুন লেনদেনের সময় স্পেসএক্সের শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে মাস্কের সম্পদের পরিমাণ রেকর্ড ১.৪৫ ট্রিলিওন ডলারে দাঁড়ায়। কিন্তু এর পরপরই স্পেসএক্সের শেয়ারের দাম প্রায় ৩০ থেকে ৩১ শতাংশ কমে যায়।
ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের শেয়ারের এই টানা তিন দিনের পতনে কোম্পানিটির বাজারমূল্য ২ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার থেকে ৯২৮ বিলিয়ন ডলার কমে মাত্র ২ ট্রিলিয়ন ডলারের কিছু বেশিতে নেমে এসেছে।
অন্যদিকে, মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দামও এক দিনে ৫ দশমিক ৮ শতাংশ কমে যায়, যার ফলে কোম্পানিটির বাজারমূল্য ৮৯ বিলিয়ন ডলার হ্রাস পায়।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইলন মাস্কের নিট সম্পদের পরিমাণ ৯৫৭ দশমিক ১ বিলিয়ন ডলার। আর ফোর্বসের হিসাব বলছে মঙ্গলবার দিন শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯৬২ বিলিয়ন ডলার।
টেলিগ্রাফ জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারগুলোর অতিরিক্ত মূল্যায়নের উদ্বেগের কারণে মাইক্রন এবং এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর শেয়ারেরও দরপতন হয়েছে, যা ওয়াল স্ট্রিটের এই সামগ্রিক ধসে ভূমিকা রেখেছে।



