খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
প্রায় ছয় সপ্তাহ বিরতির পর ইরান আবার তার প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ থেকে অপরিশোধিত তেল লোড করা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি নৌ-অবরোধ প্রত্যাহারের পর এই কার্যক্রম আবার শুরু হয়।
তথ্য অনুযায়ী, বর্তমানে তিনটি বড় তেলবাহী জাহাজ (ভিএলসিসি) সি আইল্যান্ড টার্মিনালে নোঙর করেছে। প্রতিটি জাহাজ প্রায় ২০ লাখ ব্যারেল পর্যন্ত তেল বহন করতে সক্ষম। স্যাটেলাইট চিত্রেও দেখা গেছে, তিনটির মধ্যে দুটি জাহাজ ইতিমধ্যে জেটিতে ভিড়েছে, আর তৃতীয়টি কাছাকাছি পৌঁছাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট ছবি অনুযায়ী, এর আগে শুক্রবার পর্যন্ত এই জেটিগুলো খালি ছিল। মে মাসের পর থেকে এই এলাকায় খুব কম সময়ই কোনো বড় জাহাজ নোঙর করতে দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক সমঝোতার পর উত্তেজনা কিছুটা কমায় ইরান দ্রুত তার তেল রপ্তানি পুনরায় শুরু করেছে এবং সরবরাহ ব্যবস্থা সক্রিয় করেছে।
এ ছাড়া আরও জানা গেছে, কিছু তেলবাহী জাহাজ চাবাহার বন্দরের কাছে নোঙর করা অবস্থায় থেকে প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহণ করেছে।
নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তার কারণে অনেক আন্তর্জাতিক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল এড়িয়ে চলছে। তবে ইরান ধাপে ধাপে জাহাজগুলোকে আবার পারস্য উপসাগরে প্রবেশ করাচ্ছে।
তথ্য অনুযায়ী, তেলবাহী জাহাজ ‘স্ট্রিম’, ‘ইম্পালা’ এবং ‘লরেন ২’ নামের তিনটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে উপসাগরে প্রবেশ করেছে।
খারগ দ্বীপটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র, যেখানে দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি করা হয়।
বিশ্লেষকরা বলছেন, উপসাগরের পূর্বদিকে আরও অন্তত ২০টি জাহাজ অপেক্ষায় আছে, ফলে আগামী দিনগুলোতে ইরানের তেল রপ্তানি আরও বাড়তে পারে।
তথ্যসূত্র: এনডিটিভি



