যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর তেলের দাম কমল, চাঙ্গা বিশ্ব শেয়ারবাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৩:৪০ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাথমিক শান্তি সমঝোতা স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও কমতে শুরু করেছে। এর ফলে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনায় সৃষ্ট বাজার অস্থিরতা কিছুটা প্রশমিত হয়েছে।
বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ০৭ ডলারে নেমে এসেছে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২৪ ঘণ্টা আগের অবস্থানে ফিরে গেছে। তবে ইরানে মার্কিন হামলার আগের তুলনায় এখনও দাম প্রায় ৭ শতাংশ বেশি রয়েছে।
এর আগে বুধবার তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেলপ্রতি ৮১ ডলার অতিক্রম করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ‘সঠিক আচরণ’ না করলে সামরিক অভিযান পুনরায় শুরু করার হুঁশিয়ারি দেওয়ায় বাজারে উদ্বেগ তৈরি হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চুক্তি স্বাক্ষরের খবর প্রকাশের পর বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করে। এর ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও।
জাপানের নিকেই-২২৫ সূচক ২ শতাংশের বেশি এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক প্রায় ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তাইওয়ানের তায়েক্স সূচকও ১ দশমিক ৩ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।
অন্যদিকে মার্কিন শেয়ারবাজারের ফিউচার লেনদেনেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক প্রায় ০ দশমিক ৮ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট প্রায় ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ)’ স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
জানা গেছে, জি-৭ সম্মেলনে অংশ নিতে ফ্রান্স সফরকালে রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প চুক্তিতে স্বাক্ষর করেন। পরে তেহরানে নিজ কার্যালয়ে একই চুক্তিতে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা চুক্তি স্বাক্ষরের ছবি প্রকাশ করেছে।
বিশ্লেষকদের মতে, সমঝোতা প্রক্রিয়া এগোলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।
সূত্র: আল জাজিরা



