Logo
Logo
×

আন্তর্জাতিক

চুক্তি স্বাক্ষরের আগেই ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:১৬ এএম

চুক্তি স্বাক্ষরের আগেই ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে বহুল আলোচিত সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই দেশটির বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভানচি।

মঙ্গলবার (১৬ জুন) ইরান সরকারের ওয়েবসাইটে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, অবরোধ প্রত্যাহার ছিল তেহরানের অন্যতম প্রধান শর্ত। তার ভাষায়, “শুরু থেকেই আমরা অবরোধ প্রত্যাহারের বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। এখন সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া হয়েছে।”

এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ অবিলম্বে প্রত্যাহারের অনুমোদন দিয়েছেন।

তবে এ বিষয়ে কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে বহুজাতিক নৌ নিরাপত্তা সংস্থা জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার (জেএমআইসি)। সংস্থাটি সোমবার জানায়, যুদ্ধবিরতি পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত অবরোধ আগামী শুক্রবার পর্যন্ত বহাল থাকার কথা।

এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসনে একটি সমঝোতা স্মারক ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে। এর আনুষ্ঠানিকতা আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরিস্থিতির এক পর্যায়ে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে তেহরান।

এর পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও বাণিজ্যিক জাহাজের ওপর নৌ অবরোধ আরোপ করে। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং সমঝোতা আলোচনার মধ্যেই সেই অবরোধ প্রত্যাহারের ঘোষণা এলো, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন