ইরান প্রতিশ্রুতি না মানলে সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১:২৮ এএম
ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত দেশটির জব্দ করা সম্পদ ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে উদীয়মান সমঝোতাটি ‘কাজের বিনিময়ে সুবিধা’ এবং পারস্পরিক দায়িত্ব পালনের নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
অ্যাক্সিওস আরও জানিয়েছে, চুক্তির অধীনে ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত স্থগিত রাখা সম্পদ বা অন্য কোনো সুবিধা উন্মুক্ত করা হবে না। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে, যাচাইযোগ্যভাবে চুক্তি মেনে চলার পরই কোনো প্রণোদনা দেওয়া হবে।
অন্যদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই সমঝোতাকে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ এবং শেষ পর্যন্ত তা বিলুপ্ত করার সুযোগ হিসেবে দেখছেন। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কূটনীতিক বলেন, প্রস্তাবিত ৬০ দিনের আলোচনা পর্ব উভয় পক্ষের জন্যই উপকারী হবে। এতে যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে, হরমুজ প্রণালি পুনরায় চালু করা সহজ হবে এবং নতুন করে পারমাণবিক আলোচনা শুরু করার পরিবেশ তৈরি হবে।
প্রসঙ্গত, রোববার (১৪ জুন) যুক্তরাষ্ট্র ও ইরান ঘোষণা করেছে যে তারা যুদ্ধের অবসান, অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে।” এর কিছুক্ষণ আগে মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে সমঝোতা অর্জিত হয়েছে।



