ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:০৬ এএম
যুদ্ধবিরতির মাঝে আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের গোরুক শহর এবং কেশম দ্বীপে থাকা রাডার ও সামরিক স্থাপনাগুলোতে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালিয়েছে তারা।
সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করাসহ ইরানের ‘আক্রমণাত্মক কর্মকাণ্ডের’ জবাবে এই হামলা চালানো হয়েছে। এরআগেও মার্কিন বাহিনী আত্মরক্ষার কথা বলে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছিল।
নতুন করে হামলার বিষয়ে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং দুটি একমুখী হামলাকারী ড্রোন ধ্বংস করেছে। যেগুলো আঞ্চলিক জলপথে চলাচলকারী জাহাজগুলোর জন্য ‘স্পষ্ট হুমকি’ হিসেবে বিবেচিত হচ্ছিল।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলার বিষয়টিও তারা স্বীকার করেনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালানোর পর অঞ্চলজুড়ে সংঘাত আরও বিস্তৃত হয়। তিন মাস ধরে চলা এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানির পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।



