ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দাঁতের চিকিৎসার জন্য রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তাকে হাসপাতালে নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরাইল।
৭৬ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনা চলছে। কয়েকটি ঘটনায় তার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য জনসাধারণের কাছ থেকে গোপন রাখার অভিযোগ ওঠে, যা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। এর ফলে তার সামগ্রিক স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়েছে।
গত মাসে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তিনি প্রোস্টেটের ম্যালিগন্যান্ট টিউমারের জন্য সফলভাবে অস্ত্রোপচার করেছেন। তবে বিষয়টি জনসমক্ষে আনতে বিলম্ব করেন, যাতে ইরান যুদ্ধে এটি প্রচারণার কাজে ব্যবহার করতে না পারে।
এর আগে তার শরীরে ২০২৩ সালের জুলাইয়ে পেসমেকার বসানো হয়। ২০২৪ সালের মার্চে হার্নিয়ার অস্ত্রোপচার এবং ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচারও সম্পন্ন হয়। চিকিৎসকরা এক পর্যায়ে স্বীকার করেন, হাসপাতালে ভর্তি থাকার সময় করা ইসিজি পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা পাওয়া গিয়েছিল। তবে তারা জনসাধারণকে আশ্বস্ত করেছিলেন যে তার হৃদযন্ত্র স্বাভাবিক রয়েছে।



