হরমুজ প্রণালি ও ইউরেনিয়াম ইস্যুতে অনড় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৫২ পিএম
চলমান মার্কিন-ইসরাইল যুদ্ধের অবসান ঘটাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ সংলাপে কিছু ইতিবাচক সংকেত পাওয়া গেছে। তবে ইউরেনিয়াম মজুত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো গভীর মতভেদ রয়ে গেছে।
শুক্রবার (২২ মে) তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভির মধ্যে বৈঠক হয়। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধাবসান ও দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য একটি কার্যকর রূপরেখা তৈরির চেষ্টা করছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আলোচনায় কিছু আশাব্যঞ্জক অগ্রগতি দেখা গেছে। তবে তিনি স্পষ্ট করে দেন, ইরান যদি হরমুজ প্রণালিতে নিজস্ব শুল্ক ব্যবস্থা বা টোল আদায়ের নিয়ম কার্যকর করতে চায়, তবে স্থায়ী সমাধান সম্ভব নয়। উল্লেখ্য, যুদ্ধ শুরুর পরপরই ইরান এই আন্তর্জাতিক নৌপথটি অধিকাংশ বাণিজ্যিক জাহাজের জন্য বন্ধ করে দেয়।
একটি উচ্চপদস্থ ইরানি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দুই পক্ষের দূরত্ব আগের তুলনায় কমেছে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালির অবাধ নৌচলাচল নিয়ন্ত্রণ এখনো আলোচনার প্রধান প্রতিবন্ধকতা।
এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে তীব্র প্রভাব ফেলেছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ হতো। সরবরাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং মুদ্রাস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতি ও শেয়ার বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।



