Logo
Logo
×

আন্তর্জাতিক

ঝড় তোলা ‘ককরোচ জনতা পার্টির’ এক্স অ্যাকাউন্ট ব্লক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:২১ পিএম

ঝড় তোলা ‘ককরোচ জনতা পার্টির’ এক্স অ্যাকাউন্ট ব্লক

ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা ‘ককরোচ জনতা পার্টির (সিজেপি)’ এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ মে) প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক জানান, আইনি দাবির প্রেক্ষিতে ভারতে তাদের অ্যাকাউন্ট ‘উইথহেল্ড’ করা হয়েছে।

মাত্র এক সপ্তাহ আগে আত্মপ্রকাশ করা সিজেপি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। নিজেদের তারা ‘অলস ও বেকার তরুণদের কণ্ঠস্বর’ হিসেবে পরিচয় দেয়।

তবে এক্সে নিষিদ্ধ হলেও সিজেপির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনো সক্রিয় রয়েছে। সেখানে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩৪ লাখের বেশি। ক্রমেই তা বাড়ছে। ককরোচ জনতা পার্টি ইনস্টাগ্রামে বিজেপিকে পেছনে ফেলে ৫ দিনে ১ কোটি ফলোয়ারও পার করে ফেলেছে।

প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে এটিকে একটি ব্যঙ্গাত্মক উদ্যোগ বলে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, ইতোমধ্যে ৬ লাখের বেশি মানুষ ‘দলে যোগ’ দিতে নিবন্ধন করেছে।

সিজেপির প্রকাশিত ইশতেহারে অবসরের পর প্রধান বিচারপতিদের রাজ্যসভায় নিয়োগ বন্ধ, সংসদে নারীদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ এবং দলবদলকারী রাজনীতিকদের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞার মতো দাবি তোলা হয়েছে।

সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালতে এক শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মৌখিক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, কর্মসংস্থানহীন কিছু তরুণ ও ভুয়ো ডিগ্রিধারীদের প্রসঙ্গে তিনি ‘ককরোচ’ বা তেলাপোকার উদাহরণ টেনেছিলেন। সেই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রবল সমালোচনার মুখে পড়ে আদালত।

পরে অবশ্য প্রধান বিচারপতি স্পষ্ট করে জানান, তার মন্তব্য দেশের সাধারণ বেকার যুবকদের উদ্দেশে ছিল না। বরং যারা ভুয়ো ডিগ্রি বা জাল পরিচয়ে বিভিন্ন পেশায় ঢোকার চেষ্টা করছেন, তাদের প্রসঙ্গেই তিনি কথা বলেছিলেন। বর্তমান সময়ের রাজনৈতিক হতাশা, কর্মসংস্থানের সংকট এবং তরুণদের ক্ষোভের প্রতিফলন হয়ে দাড়িয়েছে এই সিজেপি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন