ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি চারতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
রোববার (৩ মে) ভোর প্রায় ৪টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। তবে দমকলকর্মীরা পৌঁছানোর আগেই আগুন তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভবন থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, ভোরে আগুন লাগার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশ জানিয়েছে, সব মৃতদেহ উদ্ধার করে দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবনের বড় অংশ পুড়ে গেছে এবং উপরের তলা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।



