ইরানে ‘যেকোনো সময়’ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:৫৪ পিএম
ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লুমেন্থাল বলেন, সরকারের উচ্চপর্যায়ের ব্রিফিং ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি এমন ইঙ্গিত পেয়েছেন যে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ এখন মার্কিন প্রশাসনের বিবেচনায় রয়েছে।
এই সম্ভাব্য হামলাকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করে তিনি সতর্ক করেন, এমন কোনো সিদ্ধান্ত মার্কিন সেনাদের জীবনকে বড় ধরনের ঝুঁকিতে ফেলতে পারে। পাশাপাশি এর ফলে সংঘাত আরও তীব্র হয়ে উভয় পক্ষেই ব্যাপক প্রাণহানির আশঙ্কা তৈরি হতে পারে।
ব্লুমেন্থাল আরও ইঙ্গিত দেন, পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠতে পারে এবং কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হয়ে যেতে পারে, যদি সামরিক পদক্ষেপ নেওয়া হয়।
সূত্র: ডন



