মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকট আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৮ এএম
মধ্যপ্রাচ্য থেকে দীর্ঘ সময় তেলের সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা তৈরি হওয়ায় বাজারে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৫৭ মিনিটে ব্রেন্ট ক্রুডের জুন ফিউচারের দাম ব্যারেলপ্রতি ১১৯.৯৪ ডলার নির্ধারিত হয়, যা আগের সেশনের তুলনায় ১.৯১ ডলার বা ১.৬২ শতাংশ বেশি। এর আগে সেশনে দাম বেড়েছিল ৬.১ শতাংশ। টানা নবম দিনের মতো এই সূচকের দাম বৃদ্ধি পেল।
অন্যদিকে, জুলাই চুক্তির দাম ৯৪ সেন্ট বা ০.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১১১.৩৮ ডলার। আগের সেশনে এটি ৫.৮ শতাংশ বেড়েছিল।
মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জুন ফিউচারের দামও বেড়েছে। ব্যারেলপ্রতি ১০৭.৫১ ডলারে পৌঁছেছে, যা আগের সেশনের তুলনায় ৬৩ সেন্ট বা ০.৫৯ শতাংশ বেশি। এর আগে এই সূচক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছিল এবং গত ৯ সেশনের মধ্যে আটটিতেই ঊর্ধ্বমুখী ছিল।



