হরমুজ প্রণালিতে মিত্র দেশগুলোর জন্য টোল মওকুফ করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম
বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফ করেছে ইরান। শুক্রবার (২৪ এপ্রিল) মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। আপাতত রাশিয়া সেই তালিকায় রয়েছে। তবে ভবিষ্যতে এ নীতি অব্যাহত থাকবে কি না, তা নিশ্চিত করেননি তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এ সুবিধা নিশ্চিত করতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। যদিও অন্যান্য দেশের নাম প্রকাশ করা হয়নি।
এর আগে মার্চের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, অনেক দেশ ও জাহাজমালিক নিরাপদে প্রণালি পার হওয়ার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। সম্ভাব্য মিত্র দেশ হিসেবে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উঠে আসে। তবে বর্তমানে এসব দেশ আনুষ্ঠানিকভাবে তালিকায় আছে কি না, তা স্পষ্ট নয়।
এদিকে ইরানের সংসদের প্রথম ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন, প্রথমবারের মতো প্রণালি দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় করেছে ইরান এবং সেই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।
উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ প্রণালি উন্মুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। সংঘাতের আগে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এ পথ দিয়ে পরিবাহিত হতো, যা বৈশ্বিক তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ।



