ইরান চুক্তি চাইছে, তবে ‘তাড়াহুড়ো নেই’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী হলেও তিনি কোনো ‘তাড়াহুড়ো’ করছেন না। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা প্রচলিত উপায়েই তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছি।” তিনি আরও বলেন, “না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কখনোই কারো ব্যবহার করা উচিত নয়।”
দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির জন্য কতদিন অপেক্ষা করতে রাজি—এ প্রশ্নে ট্রাম্প বলেন, “আমাকে তাড়া দেবেন না।”
তিনি দাবি করেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় ইরান হয়তো কিছু অস্ত্রভাণ্ডার বাড়িয়েছে, তবে মার্কিন সামরিক বাহিনী চাইলে একদিনেই তা ধ্বংস করতে সক্ষম। ট্রাম্প বলেন, “তাদের নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই... হয়তো এই বিরতির সময় কিছুটা শক্তি সঞ্চয় করেছে, কিন্তু আমরা চাইলে একদিনেই তা গুঁড়িয়ে দিতে পারি।”
তিনি আরও যোগ করেন, “আমি সেরা চুক্তিটাই করতে চাই। এখনই একটি চুক্তি করতে পারি, কিন্তু সেটা চাই না। আমি চাই এমন একটি চুক্তি, যা দীর্ঘস্থায়ী হবে।”



