ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।
বুধবার (২২ এপ্রিল) স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৫৪.৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ বেড়ে ৪,৭৭২.৬০ ডলারে পৌঁছেছে। খবর রয়টার্স।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা দেন, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়াবেন। তবে এই সিদ্ধান্ত একতরফা বলে মনে হচ্ছে এবং ইরান বা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল এতে সম্মত হবে কিনা তা স্পষ্ট নয়।
বাজার বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, যুদ্ধবিরতি বাড়ানোর ফলে বাজারে সংকট কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে যদি যুদ্ধবিরতি ভেঙে সংঘর্ষ শুরু হয়, তাহলে ডলারের মান বাড়বে, তেল ও সুদের হার বৃদ্ধি পাবে এবং স্বর্ণের ওপর চাপ তৈরি হবে।
যুদ্ধবিরতির ঘোষণার পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে, ডলারের মান কিছুটা কমেছে এবং তেলের দামও নেমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন খরচ বাড়ে, যা মূল্যস্ফীতি বাড়াতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, উচ্চ সুদের হার বিনিয়োগকারীদের অন্য সম্পদের দিকে আকৃষ্ট করে, ফলে স্বর্ণের চাহিদা কমতে পারে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড এক নোটে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতির খবর এবং বাজারে তারল্য পরিস্থিতির ওপর স্বর্ণের দামের ওঠানামা নির্ভর করছে। তারা সতর্ক করেছে, সাম্প্রতিক মূল্যবৃদ্ধি নাজুক এবং স্বল্পমেয়াদে সংশোধনের ঝুঁকি রয়েছে। তবে দীর্ঘমেয়াদে স্বর্ণ আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে।
এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে তিনি ট্রাম্পকে কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি বলেন, হোয়াইট হাউসের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবেন এবং কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার এগিয়ে নেবেন।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭.৯৭ ডলার হয়েছে, প্লাটিনাম ১.৭ শতাংশ বেড়ে ২,০৭০.৩৭ ডলার এবং প্যালাডিয়াম ১.৯ শতাংশ বেড়ে ১,৫৬১.৭২ ডলারে পৌঁছেছে।



