Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় পদক্ষেপের আশ্বাস দিল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম

বাংলাদেশি জাহাজের নিরাপত্তায় পদক্ষেপের আশ্বাস দিল ইরান

বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। একইসঙ্গে আজারবাইজান হয়ে ইরান থেকে ১৮৬ বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছে দেশটি। মঙ্গলবার রাতে ঢাকায় ইরান দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের দীর্ঘস্থায়ী ভ্রাতৃসুলভ সম্পর্ক আরও সুদৃঢ় করতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনে প্রাণ হারানো বাংলাদেশি নাগরিকদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে তারা।

ইরান দূতাবাস জানিয়েছে, ইসলামিক রিপাবলিক অব ইরান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ড. খতিবজাদেহর বৈঠককে স্বাগত জানিয়ে দূতাবাস বলেছে, দুই দেশের কর্মকর্তাদের গঠনমূলক উদ্যোগগুলো আন্তরিকভাবে এগিয়ে নেওয়া হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছে ইরান। এছাড়া প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর বিষয়টিও প্রশংসা করেছে ইরান। একইসঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড বা বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন