হরমুজ ইস্যুতে সৌদি যুবরাজের সঙ্গে চীনা প্রেসিডেন্টের আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার এ বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, শি জিনপিং মধ্যপ্রাচ্যের সংঘাত রাজনৈতিক ও কূটনৈতিক পথে সমাধানের ওপর জোর দিয়ে বলেন, চীন অবিলম্বে ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পক্ষে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি আঞ্চলিক দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ রক্ষায় খোলা থাকা উচিত।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজ আটক করার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছে। পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় ইরানকে অংশগ্রহণে রাজি করাতে চীনের ভূমিকার প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রথম দফার আলোচনায় যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ‘জোরপূর্বক আটক’ কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। শি আরও বলেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের ভবিষ্যৎ ও ভাগ্য নিজেদের হাতে তুলে নিতে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় সমর্থন করে।



